উখিয়ার কোটবাজারে সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র, মোটরসাইকেল আত্মসাতের চেষ্টায় যুবক গ্রেপ্তার

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে একটি মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ হাসান নিজেকে সিআইডির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং এ সংক্রান্ত একটি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে ওই পরিচয় ব্যবহার করে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) উখিয়া থানায় মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ধরনের প্রতারণার ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।