চট্টগ্রামে তরুণ বাবুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, এলাকায় উত্তেজনা

রামু প্রতিনিধি::: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়দের দাবি, বাবুকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। নিহত বাবু পশ্চিম মেরংলোয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি চট্টগ্রামে বোনের বাসায় থেকে কাজকর্ম করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় বোনের বাসা থেকে বাবুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে সেখানে স্থানীয় পুলিশকে কিছু না জানিয়েই স্বজনেরা তড়িঘড়ি করে মরদেহ গ্রামের বাড়ি রামুতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তারা। নিহতের বাবা আবুল কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলে কেন ফাঁস দেবে? ওর শরীরে আঘাতের দাগ রয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এদিকে রবিবার জানাজার মাঠে মরদেহ নিয়ে যাওয়ার পর স্থানীয়রা রামু থানা পুলিশকে খবর দেন। তবে ঘটনাস্থল চট্টগ্রাম হওয়া এবং বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত না থাকায় রামু থানা পুলিশ তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো পদক্ষেপ নিতে পারেনি। এতে উপস্থিত এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ বিষয়ে রামু থানা পুলিশ জানায়, ঘটনাটি চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার হওয়ায় স্থানীয় পুলিশকে না জানিয়ে মরদেহ নিয়ে আসায় জটিলতা তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনাস্থল তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।