উখিয়া প্রেসক্লাব নির্বাচন: ১৩ পদে ১৯ প্রার্থী, ভোট ৮ সেপ্টেম্বর

নিজস্বি প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের আসন্ন নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (২৯ আগস্ট) সকালে উখিয়া প্রেসক্লাব কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে প্রার্থী, সমর্থক ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়। প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইফুর রহিম শাহিন ও শফিউল ইসলাম। সিনিয়র সহসভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মোহাম্মদ কামরুদ্দিন মুকুল। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচ এম সলিম উল্লাহ ও আব্দু লতিফ বাচ্চু। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ফারুক আহমেদ, কাজী হুমায়ুন কবির বাচ্চু ও হুমায়ুন কবির জুশান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুল্লাহ আল আজিজ ও ওবায়দুল হক চৌধুরী আবু। সহসাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন শহিদ রুবেল। এছাড়া অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল হক বাবুল ও শফিউল শাহিন এবং দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে এম ফেরদৌস ওয়াহিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন সাঈদ মোহাম্মদ আনোয়ার, মওলানা নুরুল হক, আমানুল হক বাবুল ও রতন কান্তি দে। উখিয়া প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২৭ আগস্ট প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হয়। শনিবার ২৯ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল। আগামী ৩০ আগস্ট মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে বৈধ ও বাতিলকৃত মনোনয়নসহ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর আপিল আবেদনপত্রের ওপর শুনানি ও সিদ্ধান্ত প্রদান শেষে বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একই দিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সবশেষে আগামী ৮ সেপ্টেম্বর উখিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। ১৩টি পদে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে উখিয়া প্রেসক্লাব নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা আরও বেড়েছে। এখন সবার নজর মনোনয়নপত্র যাচাইবাছাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং শেষ পর্যন্ত ভোটের ফলাফলের দিকে।