রামু থানার ওসি লাইভে গান শুনে শীতল বাতাস উপভোগ, একই সময়ে একই এলাকায় এলাকায় ডাকাতির অভিযোগ
Saturday, August 29, 2026
তানিম হোসেন ইমন,রামু:::
ডাকাতির ঘটনার খবর পেয়ে নিজেই মাঠে নামেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তবে একই সময় তিনি এলাকা পরিদর্শন ও অভিযান পরিচালনার দৃশ্য নিজস্ব আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি (লাইভে) প্রদর্শন করেন এবং সেসময় গাড়িতে গান বাজছিল—এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
জানা যায়, ওই এলাকায় ডাকাতির তথ্য ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের গ্রেপ্তারে গাড়িতে করে অভিযানে যান ওসি। তবে ওই এলাকায় অভিযান চলাকালীন সময়েই তিনি গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় লাইভে যুক্ত হন। একই সময়ে লাইভে শীতল বাতাস উপভোগ ও গান শোনার দৃশ্য দেখা গেলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, একদিকে যখন এলাকায় সশস্ত্র ডাকাতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, ঠিক তখনই অভিযানের স্থানে ওসির এমন গান শোনা ও ফেসবুক লাইভে যুক্ত থাকা কতটা দায়িত্বশীল আচরণের পরিচয় দেয়—তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাদের মতে, একটি জরুরি ও সংবেদনশীল অভিযানের তথ্য প্রকাশ বা লাইভ সম্প্রচার অপরাধীদের পালিয়ে যেতে সহায়তা করতে পারে এবং নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।
তবে একটি পক্ষের দাবি, কর্মকর্তা জরুরি খবর পাওয়ার পরপরই ব্যক্তিগতভাবে এলাকায় অভিযানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু অভিযানের কৌশল ও গুরুত্বের জায়গায় গান শোনা বা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি যুক্ত হওয়া বিষয়টি জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রামুর স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।



