কামরোজ সরওয়ার, কক্সটিভি ::
বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিনির্ভরতা এবং পরিবেশগত ঝুঁকি নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে পরিবেশ ও জ্বালানি খাত সংশ্লিষ্ট সংগঠন ধরা (DHARA) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। প্রতিবেদনে বাংলাদেশের মহেশখালী–মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (MIDI) পরিকল্পনার আওতায় এলএনজি ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামো সম্প্রসারণ নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।
“LNG’s Last Ditch: The MIDI Master Plan for Bangladesh”। শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির ওপর নির্ভরতা দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ুর ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, MIDI পরিকল্পনার আওতায় নতুন এলএনজি-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও জ্বালানি অবকাঠামো গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে, যা ভবিষ্যতে আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার চাপ এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি বাড়াতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক বাজারে এলএনজির মূল্য ওঠানামা এবং আমদানিনির্ভরতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। পাশাপাশি নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামো পরিবেশগত ক্ষতি, কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াতে পারে।
এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় পরিবেশগত ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে।
জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে জনস্বার্থ, অর্থনৈতিক সক্ষমতা, পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি নিরাপত্তাকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।



