ইনানীর গ্যাসের আগুন জ্বলছেই, পেরিয়ে গেছে ২৯ দিন—নিয়ন্ত্রণে আনতে মাঠে বাপেক্সের বিশেষজ্ঞ দল, চলছে উৎস ও সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা



আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::


কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা ২৯ দিন ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি—বাপেক্সের কারিগরি দল কাজ চালিয়ে যাচ্ছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


গত ২৭ অক্টোবর ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে আগুনটি একটানা জ্বলছে।


আগুন নিয়ন্ত্রণে বাপেক্স ইতোমধ্যে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিরাপদভাবে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করাই এখন প্রধান লক্ষ্য। আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের উৎস ও মজুত সম্পর্কে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।


বাপেক্সের বিশেষজ্ঞরা দীর্ঘ সময় গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণ করেছেন। তাদের প্রাথমিক ধারণা, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়; ভূগর্ভে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা রয়েছে। তবে গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত করতে আরও পরীক্ষা ও ভূতাত্ত্বিক জরিপ প্রয়োজন।


এদিকে, জননিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য না থাকায় গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের বাধা ও অনুরোধ উপেক্ষা করে স্থানীয় মানুষজন ১৪৪ ধারা অমান্য করে ঘটনাস্থলে প্রবেশ করছেন এবং আগুন দেখতে ভিড় করছেন। এতে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে।


দীর্ঘ ২৯ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলায় এখন সংশ্লিষ্টদের নজর রয়েছে নিরাপদে গ্যাসের প্রবাহ বন্ধ করার দিকে।