নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারে এক সিএনজিচালকের কাছে প্রথমে আড়াই হাজার, পরে ৫ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে। দাবিকৃত টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গত ২৫ নভেম্বর কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, ওই দিন তাঁর সিএনজিচালককে থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান ট্রাফিক পুলিশের সদস্যরা। কিছু ত্রুটি পাওয়ায় চালকের কাছে ২ হাজার ৫০০ টাকা দাবি করেন। টাকা ম্যানেজ করতে সময় দিয়ে বাণিজ্য মেলায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা। পরে ফিরে এসে দাবিকৃত অর্থ বাড়িয়ে ৫ হাজার টাকা চান। ওই টাকা দিতে না পারায় একপর্যায়ে গাড়ির বিরুদ্ধে অনলাইনে মামলা দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
ভুক্তভোগীর দাবি, গাড়ির কোন কাগজপত্রে ত্রুটি রয়েছে কিংবা কী কারণে মামলা দেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ছাড়া গাড়িটি ডাম্পিং স্টেশনে নেওয়ার কথাও বলে হুমকি দিয়ে টাকা দাবি করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান ভুক্তভোগী।
অভিযোগ অস্বীকার করে সার্জেন্ট তরুণ বলেন, 'আমি মামলা দিয়েছি, তবে সেটি দেখে দিয়েছি। এ বিষয়ে আমার কোনো গাফিলতি নেই।'
এ বিষয়ে ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) খসরু পারভেজ বলেন, 'এ বিষয়ে আমি অবগত নই। যিনি মামলা দিয়েছেন, তাঁর কাছ থেকে বিষয়টি জেনে নিন।'
ট্রাফিক পুলিশের একজন সদস্যের বিরুদ্ধে ওঠা অর্থ দাবির এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।



