কক্সবাজার সৈকতে মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ



বিশেষ প্রতিনিধি ::


মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে প্রায় ৩০০ শিক্ষার্থী। একই সঙ্গে তারা দেশপ্রেমের শপথ নিয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির অঙ্গীকার করে।


শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এবং ইউনিলিংক এডুকেশনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচির শুরুতে ইউনিলিংক এডুকেশনের শিক্ষার্থীরা মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে। পরে মাদক ও কিশোর অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।


ইউনিলিংক এডুকেশনের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন খান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, নারী উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন, সংগঠনের প্রচার সম্পাদক সালমান সাজিল ও সদস্য আরমান হাসান রিয়াদ প্রমুখ।


সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, কক্সবাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। অনেক শিক্ষার্থী জীবনে প্রথমবার বন্ধুদের সঙ্গে এখানে বেড়াতে এসে আনন্দ-উচ্ছ্বাসের ছলে মাদকের সংস্পর্শে আসে। শখের বশে শুরু হওয়া এমন অভ্যাস একসময় আসক্তির ঝুঁকি তৈরি করতে পারে। তাই আমাদের আহ্বান, দেশের সুন্দর পর্যটনকেন্দ্রগুলো হোক মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বিনোদনের জায়গা। কক্সবাজার থেকেই শুরু হোক মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রতিবাদ।


নাছির উদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ, সুন্দর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।