দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষসহ ৭ জনের কারাদণ্ড
Saturday, May 30, 2026
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের গৌরীপাড়া এলাকায় ‘বন্ধন ভিলা’ নামে একটি বাড়িতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম। এ সময় ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়া ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। স্থানীয়রাও অভিযানে অংশ নেন। অভিযানে যৌন উত্তেজক সিরাপ, ট্যাবলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় প্রশাসন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুর চাউলিয়াপট্টির জহির উদ্দিনের মেয়ে মোছা. রুপা বেগম (৩৬), বিরামপুর উপজেলার শান্তিনগর এলাকার রাশেদের স্ত্রী মোছা. মুন্নি (২১), দিনাজপুর সদর উপজেলার রামগড় কালিতলা এলাকার রফিকুল ইসলামের মেয়ে শিউলী আক্তার, নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৯), পার্বতীপুর উপজেলার পাত্রাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চম্পা (২২) এবং দিনাজপুরের গণেশতলা এলাকার শেখ হিরন শাহ (৪৫)।
আটকের সময় কয়েকজন অভিযুক্ত দাবি করেন, বাড়ির মালিক রফিকুল ইসলাম টিটো ও তার স্ত্রী নুপুর ওরফে নিশি এ কার্যক্রম পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তারা পলাতক ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে মাদক ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



