যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে আত্মনির্ভরশীল করার স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ জিয়া-এমপি কাজল
Saturday, May 30, 2026
বিশেষ প্রতিবেদক :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় খুরুস্কুল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদ। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাধারে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষণার পাঠক, রাষ্ট্রপতি, রাজনৈতিক সংগঠক এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের অন্যতম স্থপতি। আমরা তার আদর্শের রাজনীতি করি, আমার চোখে শহীদ জিয়াউর রহমান একজন সাহসী রাষ্ট্রনায়ক ও দেশপ্রেমের প্রতীক। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, বরং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখিয়েছেন।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের স্বাধীনতার পর যে ভঙ্গুর, অস্থির ও অনিশ্চিত রাষ্ট্র বাস্তবতা তৈরি হয়েছিল, সেই বাস্তবতার ভেতরে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রকে নতুন দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর সময়কাল দীর্ঘ ছিল না, কিন্তু তাঁর প্রভাব ছিল গভীর, বহুমাত্রিক এবং সুদূরপ্রসারী।"
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর বর্ণাঢ্য জীবনের নানা দিক—তাঁর বর্ণিল সামরিক জীবন, মুক্তিযুদ্ধের গৌরবময় অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং দেশ গড়ার অবদানের ইতিহাস তুলে ধরেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও সু-সংগঠিত করার আহ্বান জানান বক্তরা।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



