হাইকোর্টে সাদা ব্যান্ড ধারণ করলেন উখিয়ার কৃতি সন্তান এডভোকেট আব্দুর রহিম

শফিউল শাহীন, কক্সটিভি:: উখিয়ার ভালুকিয়া পালং গ্রামের কৃতি সন্তান এডভোকেট আব্দুর রহিম হাইকোর্ট বিভাগের পারমিশন ভাইভা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে হাইকোর্টের পবিত্র “সাদা ব্যান্ড” ধারণ করেছেন। তাঁর এ অর্জনে উখিয়াবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, বর্তমান সভাপতি এডভোকেট আবদুল মান্নানসহ জ্যেষ্ঠ আইনজীবীরা তাঁকে সাদা ব্যান্ড পরিয়ে দেন। এ সময় আদালতপাড়াজুড়ে এক আবেগঘন ও গর্বিত পরিবেশের সৃষ্টি হয়। আইন পেশায় দীর্ঘদিনের পরিশ্রম, সততা, মেধা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা বলেন, এটি শুধু এডভোকেট আব্দুর রহিমের ব্যক্তিগত সাফল্য নয়, বরং উখিয়া তথা কক্সবাজারের আইন অঙ্গনের জন্যও অত্যন্ত গৌরবের বিষয়। একজন মেধাবী ও সম্ভাবনাময় আইনজীবী হিসেবে এডভোকেট আব্দুর রহিম ইতোমধ্যে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর এই নতুন পথচলা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। উখিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল তাঁর এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন।