বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আশঙ্কাজনক ২
Tuesday, July 14, 2026
কক্সটিভি প্রতিবেদক::
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বধুঝিরি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এনাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বধুঝিরি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. এনামকে মৃত ঘোষণা করেন। নিহত এনাম ইয়াংছা বধুঝিরি এলাকার সাহাব উদ্দিন ও খালেদা বেগম দম্পতির ছেলে।
এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুই আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হচ্ছিল বলে জানা গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।



