উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু, আহত ২; আশ্রয়হীন ২৪ জন
Sunday, July 05, 2026
শফিউল শাহীন, কক্সটিভি::
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় টানা ভারী বৃষ্টির ফলে পৃথক পাহাড়ধসের ঘটনায় অন্তত ৮ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন এবং ২৪ জন আশ্রয়হীন হয়ে পড়েছেন। পাশাপাশি ক্যাম্পের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে গভীর রাতে কয়েকটি স্থানে আকস্মিকভাবে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত উদ্ধারকারী দল, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি আশ্রয়, খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় ক্যাম্পের ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বাসিন্দাদের অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।



