পেকুয়ায় পাহাড় ধসে শিশুর মৃত্যু, কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে ১০
Monday, July 06, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
টানা ভারি বর্ষণের মধ্যে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে ঘরের ওপর মাটি চাপা পড়ে মোহাম্মদ মিনহাজ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার নানি জান্নাতুল ফেরদৌস। এ নিয়ে জেলায় পৃথক পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার বাসিন্দা কলিমুল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে পাহাড় নরম হয়ে পড়ে। বিকেলে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে কলিমুল্লার বাড়ির ওপর পড়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা মিনহাজ ও তার নানি মাটিচাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে মাটি সরিয়ে শিশুটিকে বের করলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পেকুয়া থানার পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় ধসে মাটিচাপা পড়ে মিনহাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত এক নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আটজনের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে আরও একজন প্রাণ হারান। সর্বশেষ পেকুয়ার এই ঘটনায় জেলায় পাহাড় ধসে মোট মৃতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে।



