ফেসবুকে বিজ্ঞাপনের বিল মেটাতে যুক্ত হচ্ছে বিকাশ সেবা

কক্সটিভি প্রতিবেদক::: বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য বড় সুখবর নিয়ে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটা। আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ঝামেলা ছাড়াই এবার মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে যুক্ত হতে যাচ্ছে মোবাইল আর্থিক সেবা ‘বিকাশ’। বর্তমানে ফিচারটি সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিভিন্ন ব্যবহারকারীর ফেইসবুক ‘অ্যাডস ম্যানেজার’-এ ঐতিহ্যবাহী ডুয়াল কারেন্সি কার্ডের পাশাপাশি বিকাশ অপশনটি দৃশ্যমান হচ্ছে এবং কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যেই সাফল্যের সঙ্গে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন। এত দিন আন্তর্জাতিক কার্ডের বাধ্যবাধকতা ও ব্যাংকিং জটিলতার কারণে দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের বিজ্ঞাপন পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো। বিকাশের মতো দেশীয় পেমেন্ট মেথড যুক্ত হলে স্থানীয় মুদ্রায় সহজেই বিজ্ঞাপনের খরচ মেটানো সম্ভব হবে, যা উদ্যোক্তাদের খরচ ও ভোগান্তি দুটোই কমাবে। তবে মেটা বা বিকাশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সব ব্যবহারকারীর জন্য এই সেবাটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে তা নিশ্চিত হওয়া যায়নি।